ঘূর্ণির টান ও নিরাবেগ বোঝাপড়া
লেখক শিল্পীদের দৃষ্টিভঙ্গি নিয়ে এক সময় তুমুল আলোড়ন হয়েছিলো আমাদের দেশে।
এখানে দৃষ্টিভঙ্গি বলতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বলা হচ্ছে- বিশেষতঃ চল্লিশের দশকে বামপন্থী রাজনৈতিক আন্দোলন যখন তুঙ্গে তখন এই রাজনীতির পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও স্বাভাবিক ভাবেই তার ধাক্কা লাগে।
ইদানীং শিল্প-সাহিত্য নিয়ে আবার নতুন করে প্রসঙ্গটি আসছে। এমন কথাও শোনা যাচ্ছে কারো কারো মুখে, যে, মানিক বন্দ্যোপধ্যায় যেখানে শেষ করেছেন আমাদের সাহিত্য-বিশেষতঃ কথাসাহিত্য, সেখান থেকে শুরু করতে হবে। ব্যাপারটি যেন রিলে রেসের মতো- একজনের হাত থেকে নিয়ে দৌড় দেওয়া।
এভাবে আর যাই হোক শিল্প-সাহিত্য হয় না, প্রতিটি লেখককে শুরু থেকেই শুরু করতে হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তা ঘটেছিলো।
হ্যাঁ, একথা সত্যি, একশোবার স্বীকার্য যে, একজন-লেখককে (জনমনতোষী বাণিজ্যবুদ্ধিসর্বস্বদের কথা আলাদা) এ যুগে মানুষের সপক্ষে দাঁড়িয়েই কলম চালনা করতে হবে।
কিন্তু তার জন্যে লেখককে নিজের পথ নিজেকেই নির্মাণ করে নিতে হয়। চিন্তা-চেতনার ক্ষেত্রে কোন একটি সুনির্দিষ্ট আদর্শকে বুদ্ধি দিয়ে গ্রহণ করলেই যে তিনি সেই আদর্শ অনুযায়ী গড় গড় করে সৃষ্টি করে ফেলবেন তা হয় না। এ ধরণের রচনা তাৎক্ষণিক আবেগ-সন্ঞাত, মোটা দাগের অতি সরলীকরণ, যান্ত্রিক, ইচ্ছাপূরণ মাত্র। ভেতরে তার মস্ত ফাঁকি থেকে যায়।
গোটা বিষয়টাই গড়ে ওঠার ব্যাপার, হয়ে ওঠার ব্যাপার।
এ প্রসঙ্গে আর একটি বিষয় উল্লেখ করা জরুরী মনে করি যে, অধিকাংশ লেখক শিল্পীরই মধ্যবিত্ত পরিবারে জন্ম এবং মধ্যবিত্ত পরিবারে জন্ম এবং মধ্যবিত্ত মূল্যবোধ মিশে থাকে তাঁর অস্তিত্বে, চেতনায়। আমাদের দেশে মধ্যবিত্তের উদ্ভব এবং বিকাশ হয়েছে খারাপভাবে। একটি ঔপনিবেশিক শক্তির ছত্রছায়ায় তারই পায়রবি করে যার বিকাশ, যে নিজের দেশ এবং তার মাটি ও সেই সুবৃহৎ মৃত্তিকা-নির্ভর জনগোষ্ঠী-যার সঙ্গে তার হাজার হাজার বছর ধরে রক্তের সম্বন্ধ, আপন দর্পিত অহঙ্কারে দিনে দিনে তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বিদেশী শোষকের উচ্ছিষ্ট কুড়িয়ে নিজেকে ধন্য মনে করেছে। এমনকি পররাজ্য গ্রাসী সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির বরকন্দাজ হয়ে স্বদেশবাসী কোটি কোটি কৃষকের মাথায় লাঠি ভাঙতেও কসুর করেনি। চিরস্থায়ী বন্দোবস্তের সেই বদ-রক্তের পরম্পরাগত ধারা তার (মধ্যবিত্তের) শরীরে প্রবাহিত।
কাজেই আমরা যখন দেশ, জনগণ, গণসাহিত্য, গণশিল্পের কথা বলি তখন নিজের শ্রেণীগত অবস্থান এবং তার অন্দর মহলের নানা গলি ঘুঁজিতে ঘাপটি মেরে বসে থাকা রোমশ জন্তুুর মতো সেই ধারাবাহিক অন্ধকার বিষয়ে অসচেতন থাকি। কৃষকের, শ্রমিকের ‘সত্য আত্মীয়তা’ অর্জন ঘোষণা দিয়ে হয় না।
বেনিয়া সাম্রাজ্যবাদ বৃটিশ শাসক তার ঔপনিবেশিক স্বার্থ চরিতার্থ করার জন্যে যে সর্বনাশা শিক্ষা নীতির মাধ্যমে একদিন আমাদের পূর্ব পুরুষকে নিজ বাসভূমে পরবাসী বানিয়েছিলো, সেই একইধারা আজো অব্যাহত রয়েছে।
এ এমনই এক আজব কল যে, ঘোর কৃষকের বাচ্চাও এই কলের মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরোয় সম্পূর্ণ অন্য এক চিজ হয়ে-যার নাম ‘ভদ্রলোক’। (এই শিক্ষার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে এক সময় শিশু বইতে লেখা হয়েছিলো, ‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।’
আমাদের দেশে বৃটিশ ঔপনিবেশিক শক্তি প্রবর্তিত শিক্ষানীতির স্বরূপ সর্ম্পকে সংক্ষেপে এমন চমৎকার প্রকাশ আর হয় না। শিশুমনকে অনুপ্রাণিত করার জন্যে এই লাইনটি লেখা হয়েছিলো; কিন্তু ওই লাইনটির মধ্যে আছে এক চরম নিষ্ঠুরতার ইতিহাস এবং চলমান বাস্তবতা)। আবার আর এক মজাও আছে, যেহেতু মধ্যযুগীয় সামন্ত সমাজকে উৎখাত করে ইউরোপের মতো এখানে পুঁজিবাদের উত্তরণ না ঘটে এদেশের অস্তায়মান সামন্ত সমাজের পরবর্তী স্বাভাবিক গতির অর্থাৎ বনিক পুঁজির বিকাশের যে সম্ভাবনা লক্ষণীয় হয়ে উঠেছিলো অষ্টাদশ শতাব্দীর শেষভাগে, তাকে বৃটিশ ঔপনিবেশিক শক্তি তাদের নিজেদের স্বার্থে রুদ্ধ করে দিয়ে, সেই ভগ্নপ্রায় সামন্ত সমাজ কাঠামোর কন্কালের ওপর বুর্জোয়া ধনতন্ত্রের লেবাস পরিয়ে দিলো। ফলে যা হবার তাই হলো, না হলো বাঁদর না হলো শিব।
এই কিম্ভুতকিমাকার বিকলাঙ্গ মানস গঠনসম্পন্ন উত্তরাধিকারী দায়ভাগ নিয়েই আমাদের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণী (ইতিমধ্যেই যার বহুস্তর তৈরী হয়ে গেছে) থেকেই আসেন আমাদের প্রতিটি লেখক। এই লেখকদের এই অংশ যখন নিজেকে সমস্ত দেশের অংশ করতে চান, তখন তাঁর দায় হয় আরো মর্মান্তিক। তিনি দেখেন দেশ বলতে যা বুঝায় তার সম্পূর্ণটাই তাঁর মানস চৌহদ্দির বাইরে।
তাই দেখা যায় বঙ্গদেশের গ্রাম সমাজের ভাঙা-গড়া সামন্তবাদের অবক্ষয়ের পাশাপাশি মাথা মুড়ানো নব্য ধনিক শ্রেণীর উত্থানের বাস্তববাদী ছবিটি পাওয়ার জন্যে একজন গ্রামীণ সামন্ত পরিবারের সন্তান অমার্কসাবাদী তারাশঙ্কর বন্দোপাধ্যায়, কি খাঁটি জেলে পরিবারে জন্ম এবং আত্মপরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল অদ্বৈত মল্ল বর্মণের কাছেই হাত পাততে হয়। কোন মার্কসবাদী লেখকের হাত দিয়ে তা বেরোয়নি।
এমন যে বিপুল শক্তিধর মানিক বন্দ্যোপাধ্যায়, তাঁর বিশাল ব্যাপক সাহিত্য জগতে এই জীবনের সাক্ষাত মেলে না। জেলে জীবন নিয়ে ‘পদ্মা নদীর মাঝি’র পাশাপাশি অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ পড়লেই বোঝা যায় একটি শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের রচনা অপরটি অপেক্ষাকৃত কম শক্তিমান হাতের লেখা হলেও তা ভেতর থেকে লেখা।
মানিক বন্দ্যোপাধ্যায়ের বিপুল সাহিত্যভূমিতে মধ্যবিত্তেরই পদচারণা, সেই জীবনের কিন্ন কদর্যতায় বাতাস ভারী, এমনকি সাম্যবাদী মানিক বন্দ্যোপাধ্যায়ের উত্তরকালের রচনায়ও দেখি সেই মধ্যবিত্তই ঘুরে ফিরে বেড়ায়। গ্রাম জীবন নিয়ে তাঁর প্রথম পর্বের নানা দিক থেকে সব চেয়ে উল্লেখযোগ্য রচনা ‘পুতুল নাচের ইতিকথা’য় গ্রামের ভু-চিত্র থাকলেও মানুষগুলো সবই মধ্যবিত্ত মানসজাত। সেখানে কৃষকের পদপাত নেই। অমন যে গ্রামীণ মেয়ে কুসুম, কথাবার্তা চাল-চলনে তাকে বড়ো বেশী শহুরে মধ্যবিত্ত মনে হয়। (তাছাড়া তরুণ ডাক্তার শশীর সঙ্গে দরিদ্র পরাণের স্ত্রী কুসুমের কিংবা কুসুমদের সঙ্গে মতির সর্ম্পক-বিশেষতঃ এ দু’জোড়া মানব-মানবীর নির্জনে দেখা শোনা কথাবার্তা গাওদিয়া গ্রামের বড়ো নির্বিঘেœ ঘটে। নির্জন তালবনে কাউকে উঁকি দিতেও দেখা যায় না, কোন কথাও ওঠে না। তাছাড়া এ উপন্যাসে গাওদিয়া নামের গ্রামটি মানিক বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি ঢাকা জেলার বিক্রমপুরের একটি গ্রাম, কিন্তু যোগাযোগ ব্যবস্থায় নদী নৌকোর প্রাধান্য প্রসঙ্গ বাদ দিলে এর প্রকৃতি ও মানুষজন মিলিয়ে পশ্চিমবঙ্গের কোন গ্রাম-প্রধান শহরতলি বলে মনে হয়।) এর কারণও সেই বিচ্ছিন্নতা।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম এক ক্ষয়িষ্ঞু গ্রামীণ ভূস্বামী পরিবারে, গ্রাম জীবনের সঙ্গে তাঁর নাড়ীর যোগ, আধুনিক শিক্ষার বাতাস তাঁর ওপর দিয়ে প্রবাহিত হলেও শিকড়টি বীরভূমের খাস মাটির গভীরেই ছিল, তাছাড়া সামন্ত কাঠামোর চৌহদ্দীতে বাঁধা চারপাশের জীবনের সঙ্গে তাঁর সামন্ত পরিবারের বিত্ত ও কৌলিন্য সত্ত্বেও মানস যোগাযোগে কোন বাধা সৃষ্টি হয়নি। তারাশঙ্কর আজন্ম এই জগতেরই মানুষ।
অপরদিকে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাবডেপুটি কালেক্টর বাবা গ্রাম সমাজ থেকে উদ্ভূত হলেও বিক্রমপুরের মালপদিয়া গ্রামের প্রথম গ্রাজুয়েট হরিহর বন্দ্যোপাধ্যায় শিক্ষা ও কর্ম-জীবন সূত্রে সেই যোগাযোগ হারিয়ে ফেলে সারা জীবন তাঁর সন্তান ও সংসার নিয়ে তৎকালীন অখন্ড বাঙলার মফস্বল শহরগুলোতে ভ্রাম্যমাণ থেকেছেন, জীবনের শেষাংশ ও শেষ নিঃশ্বাস মেশে মধ্যবিত্তের জন্ম ও বিকাশ ভূমির ভিত্তিস্থল কলকাতা শহরে। এতদসত্ত্বেও শৈশব-কৈশোরের গ্রাম জীবনের যেসব অনুষঙ্গ তাঁর মানসভূমিতে অবশিষ্ট ছিলো, মানিক বন্দ্যোপাধ্যায় সেখানে একেবারেই বাইরের মানুষ। তিনি সর্ব অর্থেই শহরের মধ্যবিত্ত নাগরিক। কাজেই এক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর জন্ম ও অবস্থানগত কারণে যে জগৎ কররেখার মতো আপন সে জগৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের জগৎ নয়।
অবশ্য অদ্বৈত মল্ল বর্মণে জেলে জীবনের যে বিশ্বস্ত পরিচয় মেলে সেই অর্থে খাঁটি কৃষক জীবন তারাশঙ্করেও নেই, আজ পর্যন্ত রচিত হয়নি (এ ব্যাপারে সবেধন নীলমণি শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পটি)। তবু বাঙলার কৃষিভিত্তিক সামাজিক জীবনের ঘাত-সংঘাতময় মহাসংহিতাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমই রচনা করেছে।
এ ব্যাপারে টলস্টয়ের কথা ভাবা যেতে পারে-বিপ্লব বিরোধী, প্রতিরোধ বিরোধ প্রবল ভোগী এই কাউন্টটি’র হাতেই সত্যিকারের রুশ কৃষকের জীবন ফুটে উঠেছে। লেনিন তাঁর (টলস্টয়ের) ধর্ম প্রচারক ভূমিকাকে ধিক্কার দিয়েও তাই বলেন, "Tolstoy is great as the spokeman of the ideas and sentiments that emerged among the millions of Russian peasants at the time the bourgeois revolution was approaching in Russia".
কিন্তু এর পাশাপাশি আমাদের সাহিত্যের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ টলস্টয়ের মতোই ভূস্বামী পরিবার থেকে উদ্ভূত-পদ্মা তীরবর্তী কৃষকের মধ্যে গিয়েও সেই কৃষককে তিনি ধরতে পারেন না তাঁর সাহিত্যে।
কলকাতা শহরের জোড়াসাঁকোয় জন্ম, আযৌবন শহুরে মানুষ, আভিজাত্যের ব্যবধান সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে (‘ঐকতান’ কবিতায় এ বিষয়ে স্বীকারোক্তি আছে)। এবং “এ আভিজাত্যের ইমারতটি” তৈরী হয়েছে ঔপনিবেশিক শক্তির প্রসাদে। টলস্টয়ের আভিজাত্য স্বাধীন রাশিয়ার মাটি থেকেই পাওয়া এবং তিনি জন্মগতভাবেই কৃষকের সংলগ্ন। রবীন্দ্রনাথের মতো বিচ্ছিন্নতা বহন করতে হয়নি তাঁকে।
তারাশঙ্কর কিংবা টলস্টয়, কেউ মার্কসবাদী ছিলেন না, তবু রুশ কৃষককে পেতে হলে টলস্টয়ের কাছে যেমন যেতে হয় বঙ্গদেশে গ্রাম সমাজের ভাঙ্গাগড়ার পরিচয়ের জন্যে তেমনি তারাশঙ্করই আমাদের একমাত্র উদ্ধার। এই সত্য কথাটি মনে রাখা জরুরী।
সেই সঙ্গে এ কথাও মনে রাখতে হবে, চল্লিশের দশকের শেষ পর্বের অমন যে তেভাগা আন্দোলন, তাকে নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের দু’চারটে গল্প ও গুণময়-মান্নার-, - এর মতো ইচ্ছাপূরণের অপটু প্রয়াস, কি অনুল্লেখ আরো এক আধটা গল্প ছাড়া আর কিছু নেই। লক্ষনীয় যে, যখন কৃষকরা গ্রামবাঙলার মাঠে মাঠে অসীম সাহসের সঙ্গে লড়ছেন, তখন মার্কসবাদী লেখকরা কলকাতায় বসে কলম যুদ্ধ করছেন একে অন্যের সঙ্গে, মার্কসীয় সাহিত্য কেমন হওয়া উচিত এই কূট তর্ক নিয়ে (ফ্যাসি বিরোধী আন্দোলন কি গণনাট্য সংঘের ভূমিকার কথা মনে রেখেও এ কথাগুলি এসে যায়)।
পাকিস্তার সৃষ্টির পর ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য প্রচেষ্টা শুরু হয় সেখানে পাকিস্তানবাদী ইসলামী সাহিত্য, ইউরোপীয় ধারার প্রচলিত সাহিত্য এবং চল্লিশ দশকের বামপন্থী ধারা পাশাপাশি চলে। পাকিস্তান উত্তর প্রথম পর্বে বামপন্থী ধারার লেখক হিসাবে যিনি সে সময় সবচেয়ে সম্ভাবনাময় বলে বিবেচিত হতেন সেই আলাউদ্দিন আল আজাদ-এর গল্পগুলোতেও দেখা যায় চল্লিশ দশকের সাধারণ চরিত্র - সেই মোটা দাগের অতি সরলীকরণ, তরল আবেগতাড়িত যান্ত্রিকতা। (বলাই বাহুল্য আজাদ পরবর্তীতে তাঁর বামপন্থী সাহিত্যাদর্শ থেকে সরে দাঁড়ান)।
এ রচনায় কৃষকের প্রসঙ্গ বারবার এসেছে আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীটির বৈশিষ্ট্যকে স্পষ্ট করার উদ্দেশ্য থেকে। সেই সঙ্গে ইতিহাসের ধারাবাহিকতায় সুবৃহৎ জনগোষ্ঠীটি থেকে কেমন করে একটি শ্রেনীর বিচ্ছিন্নতা এবং দূরত্ব সৃষ্টি হলো তাকে স্পষ্ট করা, কেননা, এই বিচ্ছিন্ন দূরত্বের ওপর দাঁড়িয়ে আছে আমাদের সাহিত্য, আমাদের রাজনীতি।
আমাদের দেশের কল-কারাখানার যে শ্রমিক সে শ্রমিক ক্ল্যাসিক্যাল শ্রমিক নয়, তাঁরাও উঠে এসেছেন কৃষি-নির্ভর জীবন থেকে, তাঁর মনের ভেতরও রয়ে গেছে জমির ক্ষুধা। যুক্ত হয়েছে নানা রকম মধ্যবিত্ত ঝোঁক। অন্যান্য শ্রমিকের মধ্যেও সেই মৃত্তিকার তৃষ্ঞা।
শোষণের চেহারাও নানান সূক্ষ জটিল রূপ নিচ্ছে। গ্রামে ভূমিহীন কৃষকের সংখ্যা বাড়ছে ভয়াবহ রকম। শহরের ওপর চাপ বাড়ছে, জটিলতা বাড়ছে। শহর ক্রমে ঢুকে যাচ্ছে গ্রামে, গ্রাম উঠে আসছে শহরে। চল্লিশ বছর আগের বাস্তবতার সঙ্গে আজকের বাস্তবতা এক হয় না, হতে পারে না। আর একটি বিষয়, বাংলাদেশের শ্রেণী বিন্যাসটিতে এখন চলছে দারুণ অস্থিরতা। এর ফলে শহরে-গ্রামে সর্বত্র জটিলতার নানান মাত্রা যুক্ত হচ্ছে।
এই সমুদয় বিষয় মিলিয়ে একজন লেখকের কাজের ধারাও হয়েছে জটিল এবং কঠিন।
সমাজ বদলের স্ফীত আবেগে যান্ত্রিক সরলীকরণের মাধ্যমে এই বাস্তবতাকে ধরা যাবে না। তা করতে গেলে হবে ব্যর্থ-পুনরাবৃত্তি।
শ্রেণী অবস্থান সর্ম্পকে সচেতন থেকে নিজের সম্ভাবনা এবং সীমাদ্ধতা বিষয়ে নিরাবেগ বোঝাপড়ার মাধ্যমে এগোতে হবে আজকের লেখককে।
খুঁজে দেখতে হবে কোথায় লেগেছে ঘূর্ণির টান, সে টান কেমন করে পাড় ভাঙছে, নতুন ধারা কোথায় বাঁক নিচ্ছে। শহর, গ্রাম- যাঁর যেখানে স্বাচ্ছন্দ্য সেই ক্ষেত্রে অনুসন্ধান চালাতে হবে।
বলা বাহুল্য, এ অনুসন্ধানের কোন সহজ উপায় নেই এক্ষেত্রে একমাত্র হাতিয়ার লেখকের প্রখর চেতনা এবং সামগ্রিক সততা।
______________________________________________________________
নোট:
সংগ্রহ-সূত্র: কায়েস আহমেদ সমগ্র।। মাওলা ব্রাদার্স।। ১৯৯৩ খ্রীস্টাব্দ।। পৃষ্টা: ২৬১-২৬৫।। প্রবন্ধটা এর আগে কোথাও ছাপা হয়েছিল কিনা বা লেখক কখন লিখেছিলেন সেই বিষয়ে কোন তথ্য বইয়ে দেয়া নাই।
কায়েস আহমেদ এর সাহিত্য-চিন্তার একটা দলিল, এই লিখাটা। মধ্যবিত্ত শ্রেণী এবং বাংলার লেখক সমাজ সর্ম্পকে তিনি যে আবিষ্কার করছেন এবং ক্রিটিক্যালি দেখার চেষ্টা করছেন, সেইটার একটা ঐতিহাসিক গুরুত্বও হয়তো আছে। সন্দেহ নাই, তাঁর এই লিখাটা নিয়া আমিও হয়তো লিখতে চাইবো কিছু ...
ঢাকা/
০৮মে, ২০০৮।
Wednesday, May 7, 2008
Subscribe to:
Posts (Atom)